Thursday, March 12, 2026

আন্তঃঅধিদপ্তর বদলির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিলেন শিক্ষকরা


ফাইল ছবিঃ শিক্ষামন্ত্রী ড. মিলন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য আন্তঃঅধিদপ্তর বদলি ব্যবস্থা চালুর দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বদলি প্রত্যাশী শিক্ষকরা। বৃহস্পতিবার (১২ মার্চ) কারিগরি শিক্ষক পরিষদ-এর উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে পরিষদের সভাপতি মো. আসাদুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন স্বাক্ষর করেন। এতে বলা হয়, শিক্ষকরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে নিয়োগ পেয়ে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বেসরকারি শিক্ষকদের জন্য দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রস্তাবিত নীতিমালায় শুধু সম-অধিদপ্তরের মধ্যে বদলির সুযোগ রাখা হয়েছে। এর ফলে অনেক শিক্ষক বদলির সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষক নেতারা জানান, এনটিআরসিএর অধীনে একই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাতালিকার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের সময় শিক্ষকরা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি—সব ধরনের প্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিতে পেরেছিলেন। তাই বদলির ক্ষেত্রে অধিদপ্তরভিত্তিক সীমাবদ্ধতা রাখা যুক্তিযুক্ত নয় বলে তারা মনে করেন।

তারা আরও উল্লেখ করেন, বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও ধর্মের মতো সাধারণ বিষয়গুলো স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় একই ধরনের পাঠ্যক্রমে পড়ানো হয়। ফলে এক অধিদপ্তর থেকে অন্য অধিদপ্তরে দায়িত্ব পালনে বড় কোনো বাধা নেই।

স্মারকলিপিতে বলা হয়, দেশে স্কুল ও মাদ্রাসার তুলনায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম। ফলে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুধু কারিগরি প্রতিষ্ঠানেই বদলির সুযোগ থাকলে সেখানে কর্মরত অনেক শিক্ষক বাস্তবে কখনোই বদলির সুযোগ পাবেন না।

এ ছাড়া শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের এমপিও কার্যক্রম ইতোমধ্যে ডিজিটাল ব্যবস্থায় পরিচালিত হওয়ায় একই সফটওয়্যার ও ডাটাবেজ ব্যবহার করে আন্তঃঅধিদপ্তর বদলি সমন্বয় করা সম্ভব বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

শিক্ষকদের মানসিক স্বস্তি ও কর্মদক্ষতা বৃদ্ধির স্বার্থে বদলি ব্যবস্থাকে অধিদপ্তরভিত্তিক সীমাবদ্ধ না রেখে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান—সবগুলোকে অন্তর্ভুক্ত করে ‘আন্তঃঅধিদপ্তর বদলি’ চালুর জন্য শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন শিক্ষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন