Thursday, March 12, 2026

দাখিল পরীক্ষায় নিজ মাদ্রাসায় পরীক্ষা দিতে পারবে না শিক্ষার্থীরা: মাদ্রাসা বোর্ডের নতুন নির্দেশনা


প্রতীকী ছবিঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

চলতি বছরের দাখিল পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। নতুন নিয়ম অনুযায়ী কোনো পরীক্ষার্থী তার নিজ মাদ্রাসা অবস্থিত কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারবে না।

মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আব্দুস সালাম-এর যৌথ স্বাক্ষরে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পরীক্ষার্থীদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে নির্ধারিত অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে হবে।

যেসব উপজেলায় মাত্র একটি দাখিল পরীক্ষা কেন্দ্র রয়েছে, সেসব ক্ষেত্রে বোর্ড দুটি বিকল্প ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দিয়েছে। প্রথমত, কেন্দ্রস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের পার্শ্ববর্তী উপজেলার কোনো পরীক্ষাকেন্দ্রে পাঠিয়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট উপজেলার মাদ্রাসা ছাড়া অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান—যেমন স্কুল বা কলেজে—অস্থায়ীভাবে কেন্দ্র স্থাপন করে সেখানে পরীক্ষা আয়োজন করা যেতে পারে।

এ ছাড়া বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, দাখিল পরীক্ষার ক্ষেত্রে কোনো অবস্থাতেই উপকেন্দ্র বা ভেন্যু কেন্দ্র চালু করা যাবে না।

ভৌগোলিক অবস্থা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় এই নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই পদক্ষেপ পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন