- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কুমিল্লা
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ধারেশ্বর গ্রামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
জানা গেছে, শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিনের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। তারা প্রথমে বাড়ির প্রধান ফটক ও ঘরের লোহার দরজা ভেঙে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে। ডাকাতদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বাড়ির ভেতরে ঢুকে ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। এরপর তারা ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আলমারি, ওয়ারড্রোব ও স্যুটকেস ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
ভুক্তভোগী ফরিদ উদ্দিন জানান, তার তিন ছেলে বিদেশে থাকেন এবং তাদের পাঠানো অর্থসহ পরিবারের সঞ্চিত টাকা ও গয়না ডাকাতরা নিয়ে গেছে। এমনকি মসজিদের জন্য রাখা কিছু অর্থও তারা লুট করে।
প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতরা নির্বিঘ্নে লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।