- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোপালপুর উপজেলার মনতলা গ্রামের বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) এবং পাকুয়া গ্রামের বাসের হেলপার মজনু মিয়া (৪৩)।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। এ সময় ‘বিদ্যুৎ’ নামের এক যুবক আহত হন বলে জানা গেছে, যিনি আহতদের সহায়তা করতে গিয়ে মাথায় আঘাত পান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।