- ২২ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও প্রতিযোগিতার নামকরণে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের প্রচলন নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এখন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজন করতে হলে সরকারের অনুমতি নিতে হবে।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়েছে। চিঠিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সরকারি অনুমোদন ছাড়া এ ধরনের নামকরণ কিংবা আয়োজনের প্রচার-প্রচারণা না করার অনুরোধ করা হয়েছে।
নির্দেশনাটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভুক্ত সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থার জন্য প্রযোজ্য। এসব প্রতিষ্ঠানের আওতাধীন কোনো ক্লাবও প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে।
শুধু টুর্নামেন্টের নাম নির্ধারণের ক্ষেত্রেই নয়, সংশ্লিষ্ট আয়োজনের প্রচার ও প্রচারণার ক্ষেত্রেও একই বিধান অনুসরণ করতে বলা হয়েছে। অর্থাৎ অনুমোদন ছাড়া এ ধরনের নাম ব্যবহার করে কোনো প্রতিযোগিতার প্রচার চালানো যাবে না।
ইতোমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে দেশের সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড, ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং জেলা ক্রীড়া সংস্থাকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সময়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার নামকরণে সরকারপ্রধান ও তাঁদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের নজির রয়েছে। সেই প্রচলিত ধারার মধ্যে এবার জিয়া পরিবার-সংশ্লিষ্ট নাম ব্যবহারের ক্ষেত্রে সরকারি অনুমোদন বাধ্যতামূলক করার নির্দেশনা দিল জাতীয় ক্রীড়া পরিষদ।