- ১১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পাওনা টাকা ও ইটভাটায় কাজে না যাওয়াকে কেন্দ্র করে এক শ্রমিককে ঘরবন্দি করে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চুঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার আবুল কালাম কালু, যিনি চরবসু এলাকার বাদামতলী বাজার সংলগ্ন এলাকায় বসবাস করেন। অভিযুক্ত ইসমাইল মাঝি একই উপজেলার বাসিন্দা এবং পেশায় ইটভাটার সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটায় কাজের শর্তে ইসমাইলের কাছ থেকে অগ্রিম কিছু টাকা নিয়েছিলেন কালু। পরে নির্ধারিত সময়ে কাজে যোগ না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে ধরে এনে একটি নির্জন ঘরে আটকে রাখা হয়। সেখানে হাত বেঁধে ঝুলিয়ে রেখে তার ওপর চালানো হয় শারীরিক নির্যাতন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী চরম যন্ত্রণায় চিৎকার করছেন, আর অভিযুক্ত তাকে মারধর করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই কমলনগর থানা পুলিশ সক্রিয় হয়ে ওঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কালুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। তিনি আরও বলেন, আইনের চোখে সবাই সমান—অপরাধ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি সচেতন মহলেও তীব্র নিন্দা ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।