Saturday, July 25, 2026

জনগণের সঙ্গে প্রতারণা করলে পালানোর পথ থাকবে নাঃ যশোরে হাসনাত আবদুল্লাহ


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। যশোর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জনগণের বিশ্বাস ভঙ্গ করে কোনো রাজনৈতিক নেতৃত্বের টিকে থাকার সুযোগ নেই। জনগণের প্রত্যাশার বিরুদ্ধে গেলে শেষ পর্যন্ত দেশের মাটিতেই তার জবাবদিহি করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের রাজনীতি এমন হতে হবে, যেখানে ক্ষমতা নয়, জনগণের কল্যাণ হবে মূল লক্ষ্য। তিনি অভিযোগ করে বলেন, উৎপাদন ও কর্মসংস্থানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার পরিবর্তে বিভিন্ন ধরনের সহায়তা কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদে বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে। এ ধরনের নীতির পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণ যদি সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করে এবং ভোটকে মূল্য দেয়, তাহলে নির্বাচিত প্রতিনিধিরাও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে বাধ্য হবেন। তার ভাষায়, ভোটের সঠিক ব্যবহারই জবাবদিহিমূলক রাজনীতির ভিত্তি তৈরি করতে পারে।

নারীর রাজনৈতিক অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী হলেও নীতিনির্ধারণী পর্যায়ে তাদের উপস্থিতি এখনও কাঙ্ক্ষিত নয়। কেবল রাজনৈতিক কর্মসূচিতে নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে নারীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শাহজান কবীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক এবং যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

সভায় বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করা, জনসম্পৃক্ততা বাড়ানো এবং অংশগ্রহণমূলক রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন