- ১৯ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকালে শতাধিক নারী, পুরুষ ও শিশু কুট্টাপাড়া মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও দীর্ঘ সময় ধরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে মাইকিং করে এলাকাবাসীকে কুট্টাপাড়া মোড়ে জড়ো করা হয়। সেখানে মানববন্ধন শেষে সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে উভয়মুখী যান চলাচল বন্ধ করে দেন। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এর প্রভাব পড়ে কুমিল্লা-সিলেট এবং সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কেও। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া, সরাইল-খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা। তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।
প্রশাসনের আশ্বাসের পর বেলা পৌনে ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করা হলেও দুপুর পর্যন্ত যানজট পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে কয়েক ঘণ্টা ধরে ভোগান্তিতে থাকতে হয় সড়ক ব্যবহারকারীদের।
পুলিশ জানায়, গত ১০ জুলাই উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা জিহাদ মিয়াকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, যা স্থানীয়দের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহত জিহাদের মা সারিন বেগম বলেন, তাঁর ছেলে হত্যার বিচার না হলে তারা শান্ত হবেন না। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
এ বিষয়ে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, নিরপরাধ কাউকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।