Thursday, March 19, 2026

জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত


ছবিঃ তেল (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

মার্চ মাসের জন্য জেট ফুয়েলের দাম অস্বাভাবিক হারে বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার এক জরুরি বার্তায় কমিশন জানায়, প্রস্তাবিত নতুন মূল্যহার আপাতত স্থগিত রাখা হয়েছে।

বিইআরসি জানায়, জেট এ-১ বা এভিয়েশন ফুয়েলের সমন্বিত নতুন দর কার্যকর করা হচ্ছে না। ফলে আপাতত আগের নির্ধারিত মূল্যেই বিমান সংস্থাগুলো জ্বালানি সংগ্রহ করতে পারবে।

এর আগে কমিশন ঘোষণা দিয়েছিল, মার্চ মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ১৯৪ টাকা ১৮ পয়সা করা হবে। এতে করে লিটারপ্রতি প্রায় ৮১ টাকা ৭৭ পয়সা বৃদ্ধির প্রস্তাব ছিল, যা এভিয়েশন খাতে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারত।

একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রেও জ্বালানির দাম লিটারপ্রতি ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.২৬৮৯ ডলার নির্ধারণের পরিকল্পনা ছিল। হঠাৎ এই বড় ধরনের মূল্যবৃদ্ধির ঘোষণায় দেশি-বিদেশি বিমান সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তবে সর্বশেষ সিদ্ধান্তে সেই আশঙ্কা আপাতত কেটে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, মূল্যবৃদ্ধি স্থগিত হওয়ায় বিমান সংস্থাগুলো তাৎক্ষণিক আর্থিক চাপ থেকে মুক্তি পেয়েছে। একই সঙ্গে যাত্রীদের ওপর ভাড়ার বাড়তি চাপ পড়ার সম্ভাবনাও কমে গেছে।

এভিয়েশন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তবে আপাতত পুরোনো দর বহাল থাকায় খাতটিতে স্বস্তি ফিরেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন