- ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটের জন্য বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শুক্রবার সকালে দূতাবাসের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে এই সতর্কতা প্রকাশ করা হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটের সময় রাজনৈতিক সহিংসতা বা চরমপন্থি হামলার ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই ধরনের ঘটনা সমাবেশ, ভোটকেন্দ্র এবং ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। এজন্য যুক্তরাষ্ট্রের নাগরিকদের বিক্ষোভ ও সমাবেশ এড়াতে এবং যেকোনো বড় জনসমাগমের আশেপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে আয়োজিত বিক্ষোভও কখনো কখনো সংঘাতময় হয়ে উঠতে পারে। তাই যুক্তরাষ্ট্রের নাগরিকরা বড় জনসমাগম থেকে দূরে থাকার পাশাপাশি সব সময় নিজের নিরাপত্তা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দিতে হবে।
বাংলাদেশ সরকার ১০ ফেব্রুয়ারি থেকে মোটরসাইকেল চলাচলের ওপর এবং ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ধরনের পরিবহন চলাচলের ওপর সীমিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সময় ঢাকায় মার্কিন দূতাবাস সীমিত পরিসরে সেবা প্রদান করবে।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের করণীয় হিসেবে দূতাবাস বিশেষভাবে উল্লেখ করেছে—
বড় জনসমাগম ও বিক্ষোভ এড়ানো
নিজের আশপাশ সম্পর্কে সব সময় সচেতন থাকা
স্থানীয় সংবাদ পর্যবেক্ষণ করা
মোবাইল ফোন চার্জ রাখার মাধ্যমে জরুরি যোগাযোগের প্রস্তুতি রাখা
ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করা
বিকল্প চলাচলের পথের বিষয়ে পরিকল্পনা রাখা
দূতাবাসের এই সতর্কবার্তা দেশের অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সচেতন থাকার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।