- ৩১ অক্টোবর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশের জাতীয় হ্যান্ডবল দলের দায়িত্ব নিতে ঢাকায় আসছেন পর্তুগিজ কোচ মিগুয়েল ডি অলিভেইরা নুনেস। আগামী ৭ নভেম্বর তাঁর ঢাকায় পৌঁছানোর কথা। পরদিন থেকেই মাঠে অনুশীলন শুরু করবেন তিনি। আগামী এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমস সামনে রেখে তাঁকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।
স্প্যানিশ নারী কোচকে বিদায় দেওয়ার পর এবার পুরুষ কোচের হাতে জাতীয় দলের প্রশিক্ষণের দায়িত্ব দিতে যাচ্ছে ফেডারেশন। তবে মিগুয়েলের নিয়োগ আপাতত পরীক্ষামূলক। ৪২ দিন তাঁর কাজ পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফেডারেশনের দাবি, মিগুয়েল বিশ্বকাপ ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে খেলেছেন। কোচ হিসেবেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। পুরুষ দলের দায়িত্বের পাশাপাশি নারী দলের প্রশিক্ষণও তাঁর হাতে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। ২৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর কাজাখস্তানে অনুষ্ঠিত হবে এশিয়ান নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। তবে নারী দলের দায়িত্ব দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে আলোচনা ফলপ্রসূ হলে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ জানান, মিগুয়েল ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার পর তাঁর কাজের ধরন ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জাতীয় নারী-পুরুষ দলের পাশাপাশি তৃণমূল পর্যায়ে হ্যান্ডবলের উন্নয়নেও তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ফেডারেশন।
সালাউদ্দিন বলেন, প্রথমে ৪২ দিনের জন্য কোচকে যাচাই করা হবে। এই সময়ে তাঁর কাজ ও দলের উন্নতি সন্তোষজনক হলে দীর্ঘমেয়াদি চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী অগ্রগতি না হলে চুক্তি এগোনোর সুযোগ থাকবে না।
ফেডারেশনের লক্ষ্য, খেলোয়াড়দের ইউরোপীয় ধারার প্রশিক্ষণ ও খেলার কৌশলের সঙ্গে পরিচিত করা। এসএ গেমসে এখনো স্বর্ণপদক না পাওয়ার আক্ষেপ ঘোচাতেও নতুন কোচের ওপর ভরসা রাখছে তারা।
সালাউদ্দিনের ভাষ্য, গত দুই বছরে সিনিয়র ও বয়সভিত্তিক পর্যায়ে খেলোয়াড় তৈরির একটি ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাঁর আশা, আগামী পাঁচ বছরে দেশের হ্যান্ডবলে দৃশ্যমান পরিবর্তন আসবে। অতীতে কী হয়েছে, তা নিয়ে না থেকে এখন সবাইকে মিলে কাজ শুরু করার ওপরও গুরুত্ব দেন তিনি।