Monday, September 14, 2026

জাতীয় দলের দায়িত্ব পেলে না করবেন না সুজন


ফাইল ছবিঃ খালেদ মাহমুদ সুজন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক খালেদ মাহমুদ সুজনের। বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীনভাবে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব সামলালেও নির্দিষ্ট মেয়াদে প্রধান কোচ হিসেবে কাজ করার সুযোগ হয়নি সাবেক এই অধিনায়কের। বর্তমান সময়ে বিসিবির কোচিং কাঠামোয় দেশীয় কোচদের গুরুত্ব বাড়লেও সেই পরিকল্পনায় এখনো নেই সুজন। তবে ভবিষ্যতে বোর্ড তাকে জাতীয় দলের দায়িত্ব দিতে চাইলে প্রস্তুত রয়েছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন সুজন। তিনি জানান, বোর্ড যদি তাকে যোগ্য মনে করে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেয়, তাহলে তা গ্রহণ করতে দ্বিধা করবেন না।

সুজন বলেন, কোচিংই তার মূল পেশা। তাই বিসিবি তার সামর্থ্যের ওপর আস্থা রেখে জাতীয় দলের দায়িত্ব দিলে তিনি তা পালন করতে প্রস্তুত।

বর্তমানে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের পরামর্শক হিসেবে কাজ করছেন সুজন। আপাতত নতুন এই দায়িত্বেই মনোযোগ দিতে চান তিনি। বোর্ড তাকে এই দায়িত্বের জন্য উপযুক্ত মনে করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন সাবেক এই ক্রিকেটার।

গেম ডেভেলপমেন্টে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করবেন বলে জানান সুজন। বিভাগের চেয়ারম্যান ফাহিমের সঙ্গে আগে থেকেই কাজের অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয়—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা থাকলেও তা পুরোপুরি নাকচ করেছেন তিনি। সুজনের দাবি, সালাউদ্দিনের সঙ্গে তার কোনো বিরোধ নেই। বরং ছোটবেলা থেকেই দুজনের পরিচয় এবং একসঙ্গে ক্রিকেট খেলার সময় থেকেই তাদের সম্পর্ক ভালো।

সুজন বলেন, পরবর্তী সময়ে দুজনই কোচিং পেশায় এলেও ব্যক্তিগত সম্পর্কের কোনো অবনতি হয়নি। নিয়মিত তাদের কথা হয়, ফোনেও যোগাযোগ রয়েছে। ফলে তাদের মধ্যে দ্বন্দ্ব থাকার যে আলোচনা রয়েছে, সেটিকে ভিত্তিহীন বলেই মনে করেন তিনি।

সালাউদ্দিনের কোচিং দক্ষতার প্রশংসা করে সুজন আরও বলেন, সময়ের সঙ্গে কোচ হিসেবে তিনি অনেক পরিণত হয়েছেন এবং এখন বড় পরিসরে কাজ করছেন। বিভিন্ন সময়ে দুজন ভিন্ন দলের কোচ হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন, কখনো একজনের দল চ্যাম্পিয়ন হয়েছে, কখনো অন্যজনের। তবে মাঠের প্রতিদ্বন্দ্বিতাকে ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে মেলানোর কোনো কারণ দেখেন না তিনি।

বরং সালাউদ্দিন ভালো করলে নিজেরও ভালো লাগে বলে জানান সুজন। তার বক্তব্যে স্পষ্ট, জাতীয় দলের কোচিংয়ের সুযোগ না থাকলেও ভবিষ্যতে বিসিবি চাইলে দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে এখনো প্রস্তুত রেখেছেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন