Sunday, April 19, 2026

জাতীয় দলে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন বিসিবির


ফাইল ছবিঃ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

বাংলাদেশ নারী ক্রিকেটে বড় এক ঝড় উঠেছে সাবেক অধিনায়ক জাহানারা আলমের বক্তব্যে। বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে খেলার সময় যৌন হয়রানির অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম এবং নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ তাঁকে যৌনভাবে হয়রানি করেছিলেন।

জাহানারা আরও অভিযোগ করেছেন, তাঁর ক্রিকেট ক্যারিয়ার ‘ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়া’র পেছনে জাতীয় দলের কয়েকজন সাবেক ও বর্তমান কোচিং স্টাফ এবং খেলোয়াড় জড়িত ছিলেন।

অভিযোগ প্রকাশের পরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে, যারা আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।”

বিসিবি আরও যোগ করেছে, “সব খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জাহানারার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “আমরা কোনো আশ্বাস বা দীর্ঘসূত্রতা দেখতে চাই না। দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।”

কোয়াব আরও আহ্বান জানিয়েছে, নারী ক্রিকেটের জাতীয় দল থেকে শুরু করে ঘরোয়া পর্যায় পর্যন্ত সব জায়গায় এ ধরনের ঘটনার ব্যাপারে গভীর অনুসন্ধান চালানোর।

এর আগে এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে নারী দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন জাহানারা। তবে সেই সময় বিসিবি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে জানায়।

২০১১ সালে জাতীয় দলে অভিষেক হয় জাহানারা আলমের। দেশের নারী ক্রিকেট ইতিহাসে অন্যতম অভিজ্ঞ এই পেসার সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বিশ্লেষকরা বলছেন, জাহানারার এই সাহসী প্রকাশনা বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ও জবাবদিহির নতুন আলোচনার সূচনা করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL