Wednesday, June 3, 2026

ইসরায়েলি কারাগারে মারওয়ান বারঘুতির ওপর সহিংস হামলা


ছবিঃ গাজার মধ্যাঞ্চলের মানুষ ২০২৬ সালের ৪ এপ্রিল একটি বিক্ষোভ চলাকালে ইসরায়েলে ২০০২ সাল থেকে কারাবন্দি থাকা সর্বাধিক পরিচিত ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতি এবং অন্যান্য বন্দিদের ছবি হাতে তুলে ধরেন।(সংগৃহীত । আল জাজিরা । ইয়াদ বাবা/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ফিলিস্তিনের জনপ্রিয় রাজনৈতিক নেতা মারওয়ান বারঘুতি ইসরায়েলি কারাগারে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিকবার ‘সহিংস হামলার’ শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবী। এতে তাঁর জীবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আইনজীবী বেন মারমারেলি বুধবার টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানান, ২০০২ সাল থেকে ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বারঘুতির ওপর মার্চ ও এপ্রিল মাসে অন্তত তিনবার হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, এসব ঘটনা ধারাবাহিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দিচ্ছে।

আইনজীবীর ভাষ্যমতে, ৮ এপ্রিল গানোত কারাগারে মারধরের ঘটনায় বারঘুতি গুরুতরভাবে আহত হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এর আগে ২৫ মার্চ মেগিদ্দো কারাগার থেকে স্থানান্তরের সময়ও তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আরও অভিযোগে বলা হয়, তার আগের দিন কারাগার প্রহরীরা তার সেলে কুকুর নিয়ে ঢুকে তাকে মেঝেতে শোয়ায় এবং পরে কুকুরটি তাকে আক্রমণ করে।

বারঘুতির পরিস্থিতিকে ‘কঠোর ও অমানবিক’ বলে বর্ণনা করেন তাঁর আইনজীবী। তিনি জানান, কারাগারে সাক্ষাতের সময় তাদেরকে কাচের দেয়ালের মাধ্যমে জোরে চিৎকার করে কথা বলতে বাধ্য করা হয়।

তবে আইনজীবীর দাবি, এত কঠিন পরিস্থিতির মধ্যেও বারঘুতি মানসিকভাবে দৃঢ় আছেন এবং বাইরের পরিস্থিতি সম্পর্কে সচেতন রয়েছেন।

বারঘুতি ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের জ্যেষ্ঠ নেতা এবং ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্ভাব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত। তিনি দ্বিতীয় ইন্তিফাদা সময়ের ঘটনাসংশ্লিষ্ট অভিযোগে ইসরায়েলে পাঁচটি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

এর আগে গত বছরও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে, কারা স্থানান্তরের সময় তিনি মারধরের শিকার হয়ে গুরুতর আহত হন। ইসরায়েলি কর্তৃপক্ষ এখনো এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, ইসরায়েলের নতুন কিছু আইন ও বন্দিদের প্রতি কঠোর নীতির কারণে কারাবন্দিদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন