Thursday, September 10, 2026

ইরান যুদ্ধ ইস্যুতে মেলোনিকে নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা


ছবিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের ১৭ এপ্রিল বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেন। (সংগৃহীত । আল জাজিরা । অ্যালেক্স ব্র্যান্ডন/এপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ইরান যুদ্ধ ইস্যুতে ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-কে উদ্দেশ করে তীব্র সমালোচনা করেছেন এবং তার প্রতি হতাশা প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির দৈনিক কোরিয়েরে দেলা সেরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে মেলোনির অনাগ্রহ তাকে বিস্মিত করেছে। তিনি মন্তব্য করেন, আগে তিনি মেলোনিকে সাহসী নেতা মনে করতেন, কিন্তু এখন তার ধারণা বদলেছে।

ট্রাম্প অভিযোগ করেন, মেলোনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত নন এবং ইরানের পারমাণবিক সক্ষমতা ঠেকানোর বিষয়ে পর্যাপ্ত সহযোগিতা করছেন না। তিনি আরও দাবি করেন, ইউরোপের নিরাপত্তা ও জ্বালানি স্বার্থ রক্ষায়ও পর্যাপ্ত ভূমিকা নিচ্ছে না ন্যাটো জোট।

সাক্ষাৎকারে ট্রাম্প ইউরোপের অভিবাসন পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এবং বলেন, ইতালি ও ইউরোপের অনেক দেশে অভিবাসন সংকট আরও গভীর হচ্ছে।

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর ইতালির রাজনৈতিক অঙ্গনে মেলোনির প্রতি সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া এসেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, পশ্চিমা বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ হলেও তা পারস্পরিক সম্মান ও বিশ্বাসের ওপর নির্ভর করে।

অন্যদিকে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইন ট্রাম্পের মন্তব্যকে “অসন্মানজনক” বলে অভিহিত করেন।

এদিকে ইতালি সম্প্রতি ইসরায়েলের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করেছে বলে জানা গেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ ইস্যু ঘিরে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ জটিল হয়ে উঠছে, যার প্রভাব ন্যাটো জোটের অভ্যন্তরীণ ঐক্যেও পড়তে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন