Friday, April 3, 2026

হরমুজ জটিলতা এড়াতে ইয়ানবু বন্দর থেকে তেল আনছে বাংলাদেশ


ছবিঃ তেল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হরমুজ প্রণালীর অস্থিরতা ও জটিলতা এড়াতে সৌদি আরবের বিকল্প বন্দর ব্যবহার করে অপরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই তেল সরাসরি লোহিত সাগর হয়ে চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত শোধনাগার Eastern Refinery Limited–এ পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী, তেলবাহী জাহাজটি আগামী ২০ এপ্রিল ইয়ানবু বন্দর থেকে যাত্রা শুরু করবে।

এদিকে, ‘এমটি নরডিক পলুকস’ নামের একটি জাহাজে থাকা আরও ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় আটকা রয়েছে। জাহাজটি সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করলেও প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় বাংলাদেশে আসতে পারছে না।

Bangladesh Shipping Corporation (বিএসসি) জানিয়েছে, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ জটিলতা সমাধানের চেষ্টা চলছে। অনুমতি মিললে আটকে থাকা জাহাজটিও চট্টগ্রামে পৌঁছাবে। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুই জাহাজ মিলিয়ে মোট ২ লাখ মেট্রিক টন তেল দেশে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, এই পরিমাণ ক্রুড অয়েল পরিশোধন করে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি উৎপাদন সম্ভব হবে। এর মধ্যে ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও কেরোসিন উৎপাদন করা হবে, যা দেশের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালীর অনিশ্চয়তা বিবেচনায় এবার বিকল্প রুট ব্যবহারের কৌশল নেওয়া হয়েছে। ইয়ানবু বন্দর হরমুজের বাইরে হওয়ায় তেল পরিবহনে ঝুঁকি তুলনামূলক কম।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে এবং চলমান বৈশ্বিক সংকটের প্রভাব কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন