Tuesday, July 21, 2026

হলান্ডের ‘সিগনেচার ওয়াক’ নকল করে দর্শকদের চমকে দিলেন বিটিএস তারকা জিমিন


ছবিঃ আর্লিং হলান্ডের সিগনেচার স্টাইলে হাঁটলেন বিটিএস তারকা জিমিন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জিমিন এবার আলোচনায় এসেছেন ভিন্ন এক কারণে। জার্মানিতে কনসার্ট চলাকালে নরওয়ের ফুটবল তারকা আর্লিং হলান্ডের বিখ্যাত হাঁটার ভঙ্গি নকল করে দর্শকদের চমকে দিয়েছেন তিনি। মুহূর্তটি ঘিরে কনসার্ট ভেন্যুতে তৈরি হয় উচ্ছ্বাস, আর ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ইএসপিএন মেক্সিকোর প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জুলাই জার্মানির মিউনিখের অ্যালিয়ানৎস অ্যারেনায় বিটিএসের ‘আরিরাং ট্যুর’-এর একটি পরিবেশনার সময় ঘটনাটি ঘটে। মূল কনসার্ট শুরুর আগে সাউন্ডচেক চলাকালে এক ভক্তের হাতে থাকা একটি পোস্টার জিমিনের নজরে আসে।

পোস্টারটিতে পাশাপাশি রাখা হয়েছিল মার্ভেলের জনপ্রিয় চরিত্র থর, ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবং জিমিনের ছবি। কোরীয় ভাষায় সেখানে থরকে ‘বজ্রের দেবতা’, হলান্ডকে ‘ফুটবলের দেবতা’ এবং জিমিনকে ‘আমাদের দেবতা’ বলে উল্লেখ করা হয়েছিল। পোস্টারটি দেখে হাসিতে ফেটে পড়েন জিমিন এবং দর্শকদের প্রতিও আন্তরিকভাবে সাড়া দেন।

এরপর মূল পরিবেশনার একপর্যায়ে তিনি মঞ্চে হলান্ডের পরিচিত ঘাড় সামান্য ঝুঁকিয়ে হাঁটার ভঙ্গি নকল করে দেখান। জিমিনের এমন অপ্রত্যাশিত পরিবেশনায় দর্শকেরা করতালি ও উল্লাসে মেতে ওঠেন। অনেকেই মোবাইল ফোনে মুহূর্তটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।

ঘটনার ভিডিও প্রকাশ করে ইএসপিএন মেক্সিকো মন্তব্য করে, ‘হলান্ড জ্বর এবার পৌঁছে গেছে বিটিএসেও।’ অন্যদিকে, চিলির সংগীতভিত্তিক রেডিও নেটওয়ার্ক এলওএস ফোরটিও জিমিন ও হলান্ডের পাশাপাশি দুটি ছবি প্রকাশ করে তাদের মধ্যে এই মজার মিল তুলে ধরে।

কে-পপ ও ফুটবল—দুটি ভিন্ন জগতের দুই বিশ্বতারকার এই অনাকাঙ্ক্ষিত সংযোগ ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জিমিনের রসবোধ ও দর্শকদের সঙ্গে তার প্রাণবন্ত যোগাযোগের প্রশংসা করছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে জনপ্রিয় সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্বদের প্রতি পারস্পরিক সম্মান ও অনুপ্রেরণার এমন মুহূর্তই ভক্তদের কাছে আরও বেশি উপভোগ্য হয়ে ওঠে। জিমিনের এই ছোট্ট অভিনয়ও তাই কনসার্টের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন