Friday, February 20, 2026

গুগলের নতুন জেমিনি ৩.১ প্রো উন্মোচন, সক্ষমতায় বড় অগ্রগতি দাবি


প্রতীকী ছবিঃ জেমিনি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

প্রযুক্তি জগতে প্রতিযোগিতা তুঙ্গে থাকতেই সর্বাধুনিক ভাষা মডেলের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে গুগল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের শক্তিশালী লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম)–এর আপডেটেড সংস্করণ জেমিনি ৩.১ প্রো  প্রিভিউ আকারে প্রকাশ করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগিরই এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

গুগলের দাবি, নতুন সংস্করণটি আগের মডেলের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত। গত নভেম্বরে প্রকাশিত জেমিনি ৩–কে তখনই অত্যন্ত সক্ষম এআই টুল হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ৩.১ প্রো সংস্করণটি পারফরম্যান্সের দিক থেকে আরও একধাপ এগিয়ে গেছে।

গুগল স্বাধীন মূল্যায়ন প্ল্যাটফর্মের ফলাফলও প্রকাশ করেছে। এর মধ্যে ‘হিউমানিটি’স লাস্ট একজাম’ নামের একটি পরীক্ষায় আগের সংস্করণের তুলনায় নতুন মডেলের পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে বলে জানানো হয়।

এ ছাড়া এআই স্টার্টআপমার্কর-এর প্রধান নির্বাহী ব্রেনডন ফুডি নতুন মডেলটির প্রশংসা করেছেন। তাদের তৈরি বেঞ্চমার্কিং সিস্টেম এপেক্স (APEX), যা বাস্তব পেশাগত কাজ সম্পাদনের দক্ষতা পরিমাপ করে, সেখানে জেমিনি ৩.১ প্রো শীর্ষস্থান দখল করেছে বলে তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেন। তার ভাষায়, এআই এজেন্টগুলো এখন বাস্তব জ্ঞানভিত্তিক কাজে দ্রুত অগ্রগতি করছে—নতুন মডেলের ফলাফল তারই প্রমাণ।

বিশ্বব্যাপী এআই মডেল উন্নয়নের প্রতিযোগিতা এখন তীব্র। প্রযুক্তি কোম্পানিগুলো একের পর এক শক্তিশালী এলএলএম উন্মোচন করছে, যেগুলো স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণ, বহু-ধাপ বিশ্লেষণ এবং জটিল সমস্যার সমাধানে সক্ষম। সম্প্রতি ওপেনএআই ও অ্যান্থ্রোপিক–এর মতো প্রতিষ্ঠানও উন্নত মডেল বাজারে এনেছে।

বিশ্লেষকদের মতে, জেমিনি ৩.১ প্রো উন্মোচনের মাধ্যমে গুগল এ প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চাইছে। বিশেষ করে এজেন্টভিত্তিক কাজ ও জটিল যুক্তিনির্ভর বিশ্লেষণে সক্ষমতা বাড়ানোর দিকেই এখন প্রযুক্তি জায়ান্টগুলোর নজর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন