Thursday, May 14, 2026

ঘরোয়া ক্রিকেটে পরিবর্তনের সুফল মিলছে, পেসারদের উন্নতিতে আশাবাদী নান্নু


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ও সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মানসম্মত করতে সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিবাচক ফল দিচ্ছে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য ও  সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বিশেষ করে দেশের পেস বোলারদের ধারাবাহিক উন্নতির পেছনে এসব পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটের মান, অবকাঠামো ও পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে নিজের অবস্থান তুলে ধরেন নান্নু। তিনি জানান, প্রথম শ্রেণির ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে পিচ ও মাঠ ব্যবস্থাপনায় বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

নান্নুর ভাষ্য, উইকেটে নির্দিষ্ট পরিমাণ ঘাস রাখা এবং ব্যবহৃত বলের ধরনে পরিবর্তন আনার ফলে খেলায় নতুন মাত্রা যুক্ত হয়েছে। আগে যেখানে কোকাবুরা বল ব্যবহার করা হতো, সেখানে এখন ডিউক বল চালু করা হয়েছে। তাঁর মতে, ডিউক বল বেশি সুইং করায় ব্যাটারদের টেকনিক আরও শাণিত হচ্ছে এবং পেসাররাও দীর্ঘ সময় কার্যকর বোলিং করতে পারছেন।

তবে উন্নতির পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, এখনো অনেক ক্ষেত্রে পরিকল্পনার ঘাটতি রয়েছে। কখনো কখনো ম্যাচ শুরুর মাত্র দুই দিন আগে কোচ নিয়োগ দেওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয়, যা পেশাদার ক্রিকেট কাঠামোর জন্য ইতিবাচক নয়।

নান্নু আরও বলেন, সাম্প্রতিক পরিবর্তনের ফলে দেশের ফাস্ট বোলারদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হয়েছে। দীর্ঘ সময় বোলিং করার পরও শেষ বিকালে আত্মবিশ্বাস নিয়ে বল করার মানসিকতা গড়ে উঠছে, যা ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন