Thursday, April 9, 2026

গাবতলীতে নেশাগ্রস্ত ছেলের হামলায় রিকশাচালকের মৃত্যু


প্রতীকী ছবিঃ লাশের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় মাদকাসক্ত ছেলের হামলায় নজরুল ইসলাম (৪৫) নামে এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের কলাকোপা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নজরুল ইসলাম ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তার ছেলে শিপন ইসলাম দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতেন।

ঘটনার রাতে শিপন নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে দরজা খুলতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে দরজা খোলার পর তিনি লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা নজরুল ইসলামকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৪টার দিকে তার মৃত্যু হয়।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত শিপন ইসলামকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। পাশাপাশি থানায় হত্যা মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন