Thursday, June 4, 2026

ফিফা বিশ্বকাপে বাংলাদেশি তরুণী ফারজিন গনি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত


প্রতীকী ছবিঃ বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন ফারজিন গনি (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে এবার রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে, যেখানে মোট ১০৪টি ম্যাচ আয়োজন করা হবে। বিশ্বজুড়ে চলমান এই ফুটবল উন্মাদনার মধ্যেই বাংলাদেশের জন্য এসেছে গর্বের এক অর্জনের খবর।

বিশ্বকাপের এই মহাযজ্ঞে একমাত্র বাংলাদেশি ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণী ফারজিন গনি। জানা গেছে, দায়িত্ব পালনের উদ্দেশ্যে তিনি ২ জুন কানাডার টরন্টোর উদ্দেশে রওনা হন। সেখানে তিনি মাঠে বিভিন্ন দেশের জাতীয় পতাকা বহনসহ ম্যাচ শুরুর পূর্ববর্তী আনুষ্ঠানিক কার্যক্রমে সহায়তা করবেন।

ফারজিনের এই অর্জনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাঁর মা রোজানা নাসিম। তিনি জানান, প্রায় ৩০ লাখ আবেদনকারীর মধ্য থেকে বিশ্বব্যাপী মাত্র তিন হাজার ভলান্টিয়ার নির্বাচিত হয়েছেন, যার মধ্যে জায়গা পেয়েছেন তাঁর মেয়ে ফারজিন গনি।

মা রোজানা নাসিম আরও লেখেন, ফারজিন সেরেমনিজ ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মাঠে খেলোয়াড়দের সহায়তা করার পাশাপাশি বিভিন্ন দেশের পতাকা বহনের দায়িত্বেও থাকবেন। তিনি মেয়ের জন্য দেশবাসীর দোয়া ও শুভকামনা কামনা করেন, যেন এই আন্তর্জাতিক দায়িত্ব তিনি সফলভাবে সম্পন্ন করতে পারেন।

ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপ আয়োজনে প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। স্টেডিয়াম পরিচালনা, দর্শক সহায়তা, টিকিট ব্যবস্থাপনা এবং মিডিয়া সাপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা যুক্ত থাকবেন।

আয়োজক সংস্থা ভলান্টিয়ারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করবে বলে জানিয়েছে। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই টুর্নামেন্টে স্বেচ্ছাসেবকেরা শুধু দায়িত্বই পালন করবেন না, বরং বিশ্বের শীর্ষ ফুটবল তারকাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগও পাবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ভলান্টিয়াররাই এই টুর্নামেন্টের প্রাণশক্তি। তাদের অংশগ্রহণ ছাড়া এমন বৃহৎ আয়োজন সফল করা সম্ভব নয়।

বাংলাদেশের তরুণীর এই অংশগ্রহণকে দেশের ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক অর্জন হিসেবে দেখছেন অনেকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন