- ০৩ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফেনী
ফেনীর দাগনভূঞায় সড়ক দুর্ঘটনায় এক পৌর কর্মকর্তা নিহত হয়েছেন। মোটরসাইকেলে করে কর্মস্থলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাসা থেকে মোটরসাইকেলে করে পৌর কার্যালয়ের উদ্দেশে রওনা দেন সৌরভ। দাগনভূঞা পৌর এলাকার দাসপাড়া সড়কের সংযোগস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়।
দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিসে ফেরার পথে দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তাঁর মৃত্যুতে পৌরসভা পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
অন্যদিকে দাগনভূঞা থানার তদন্ত কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, দুর্ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জুনায়েদ কায়সার সৌরভ ২০২০ সালে দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তাঁর অকাল মৃত্যুতে সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।