Thursday, July 23, 2026

এনসিপির নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, রাজনৈতিক পরিস্থিতি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে আলোচনা


ছবিঃ এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়া, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক বাণিজ্য সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দলটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনায় দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার প্রয়োজনীয়তা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এনসিপির অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ককে আরও কার্যকর ও ফলপ্রসূ করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

এনসিপির নেতারা বৈঠকে উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন সম্ভাবনাও তারা তুলে ধরেন।

বৈঠকে সম্প্রতি সম্পাদিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়। এনসিপির পক্ষ থেকে এ চুক্তি ঘিরে জনমনে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রশ্ন ও উদ্বেগের বিষয় মার্কিন প্রতিনিধিদলের সামনে উপস্থাপন করা হয়।

জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এবং তার সফরসঙ্গীরা চুক্তির বিভিন্ন দিক ব্যাখ্যা করেন। তাদের মতে, এই বাণিজ্য সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে, যার সুফল উভয় দেশের জনগণই পাবে।

বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং গঠনমূলক সংলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মার্কিন প্রতিনিধিদলে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষে বৈঠকে অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দীন মোহাম্মদ এবং আন্তর্জাতিক সেলের সদস্য মনিরা শারমিন ও নাভিদ নওরোজ শাহ।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন