- ২২ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
জাতীয় সংসদে সদস্যদের জন্য গাড়ির ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ গাড়ি সুবিধা দেওয়ার অনুরোধ জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর পূর্ব নির্দেশনার কথা উল্লেখ করে জানান, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি গ্রহণ করবেন না।
মঙ্গলবার সংসদ অধিবেশনে এ প্রসঙ্গ ওঠে। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে জানান, উপজেলা পরিষদে গেলে সংসদ সদস্যদের বসার জন্য আলাদা জায়গা না থাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি উপজেলা পরিষদে একটি করে ‘পরিদর্শন কক্ষ’ তৈরি করা হবে, যেখানে এমপিরা বসে জনগণের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, বসার জায়গার ব্যবস্থা হওয়ায় সুবিধা হয়েছে। তবে তিনি আরও বলেন, অনেক সময় জনগণের কাছে যেতে সংসদ সদস্যদের ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়, যা বিব্রতকর। তাই তাদের জন্য গাড়ির ব্যবস্থার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান তিনি।
এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার গঠনকালে সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, জনপ্রত্যাশা অনুযায়ী অতিরিক্ত সুবিধা গ্রহণ না করার জন্য। বিশেষ করে শুল্কমুক্ত গাড়ি নেওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছিল।
তবে বিষয়টি পুরোপুরি নাকচ না করে তিনি বলেন, সংসদ সদস্যদের যাতায়াত সুবিধা নিয়ে প্রয়োজন হলে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা করে একটি সমাধান খোঁজা যেতে পারে।
এ সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হলে ভালো হতো। তিনি রসিকতার সুরে মন্তব্য করেন, ছোটদের আবদারে সাধারণত ‘না’ বলা হয় না।
পরে আরেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, সরকারি ও বিরোধী—উভয় পক্ষই আগেই শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার বিষয়ে অবস্থান জানিয়েছে।
সংসদে এ আলোচনা এমপিদের সুবিধা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।