Thursday, April 23, 2026

চট্টগ্রামে হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল


ছবিঃ চট্টগ্রামে দেয়াললিখন নিয়ে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সমাবেশ। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি বের হয়।

মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে সহিংস রাজনীতির বিরোধিতা করেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা বলেন, মতবিরোধ থাকলে তা শান্তিপূর্ণভাবে প্রকাশ করা যেত, কিন্তু সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে।

বক্তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দেন। একই সঙ্গে তারা ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার দাবি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতারা বলেন, শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। তারা শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস রাজনীতির অবসান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন