- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য আগের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালের জন্য এসব ব্যাংকের নির্দিষ্ট ধরনের আমানতে বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে। পাশাপাশি চলতি বছর থেকে বাজারভিত্তিক মুনাফা ব্যবস্থাও চালু করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি সংশ্লিষ্ট সব ব্যাংকের প্রশাসকদের কাছে পাঠানো এক নির্দেশনায় এই পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এর আগে গত ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত একীভূত হওয়া ব্যাংকগুলোর কোনো আমানতে মুনাফা প্রযোজ্য হবে না। এমনকি কেউ আগাম মুনাফা উত্তোলন করলে তা মূল আমানত থেকে সমন্বয়ের নির্দেশও দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়।
এই পরিস্থিতিতে নতুন করে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ও মেয়াদি আমানতের ক্ষেত্রে উল্লিখিত দুই বছরে ৪ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। তবে অন্যান্য ধরনের আমানতের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
একীভূতকরণের আওতায় থাকা ব্যাংকগুলো হলো— এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকে প্রায় ৭৫ লাখ আমানতকারীর মোট জমা অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, ২০২৫ সালের ২৮ ডিসেম্বরকে ভিত্তি ধরে সব আমানতের স্থিতি নতুন করে হিসাব করতে হবে। মাসিক বা নির্দিষ্ট সময়ভিত্তিক মুনাফা দেওয়া আমানতের ক্ষেত্রে যদি নির্ধারিত ৪ শতাংশের বেশি মুনাফা আগে দেওয়া হয়ে থাকে, তাহলে অতিরিক্ত অংশ ভবিষ্যতের মুনাফার সঙ্গে সমন্বয় করে কিস্তি আকারে আদায় করা হবে। এই পরিশোধ সূচি সংশ্লিষ্ট ব্যাংকগুলো নির্ধারণ করবে।
বিশ্লেষকদের মতে, নতুন এই সিদ্ধান্তে একীভূত ব্যাংকগুলোর আমানতকারীরা কিছুটা স্বস্তি পেলেও সামগ্রিক আস্থা ফিরিয়ে আনতে আরও স্পষ্ট ও দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ প্রয়োজন।