- ২৮ নভেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখলে বাংলাদেশি নাগরিক এবং শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের ১ দশমিক ২৫ শতাংশ হারে আর্থিক প্রণোদনা দেওয়া হবে। এ সুবিধা পেতে বিনিয়োগের ন্যূনতম পরিমাণ হতে হবে ১০ লাখ মার্কিন ডলার অথবা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
এ লক্ষ্যে সরকার ‘প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রণোদনা স্কিম নীতিমালা, ২০২৬’ জারি করেছে। গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসআরও নম্বর ৪২২-আইন/২০২৬-এর মাধ্যমে নীতিমালাটি গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রকাশের দিন থেকেই এটি কার্যকর হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর ২২ ধারায় দেওয়া ক্ষমতাবলে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় বাংলাদেশ ব্যাংকের অনলাইন মনিটরিং ব্যবস্থায় চূড়ান্তভাবে নথিভুক্ত বিদেশি বিনিয়োগের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী, দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে শতভাগ বাংলাদেশি মালিকানাধীন নিবন্ধিত অংশীদারি প্রতিষ্ঠান ও লিমিটেড কোম্পানিও প্রণোদনার আওতায় আসবে।
তবে সব ধরনের বিনিয়োগের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। নীতিমালায় বলা হয়েছে, কেবল নতুন ইক্যুইটি বিনিয়োগের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে। বিদ্যমান শেয়ারহোল্ডারদের অতিরিক্ত শেয়ার কেনা কিংবা কোনো প্রতিষ্ঠানের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে করা বিনিয়োগ এ সুবিধার আওতায় পড়বে না। তবে কোনো বিনিয়োগকারী নিজের বর্তমান ব্যবসার বাইরে নতুন কোনো খাতে কিংবা অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে তা বিবেচনায় নেওয়া হবে।
প্রণোদনা পেতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিনিয়োগ সম্পন্ন হওয়ার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনলাইন পোর্টালে প্রাক-নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীকে একটি স্বতন্ত্র ‘লিড রেজিস্ট্রেশন আইডি’ দেওয়া হবে। বিদেশি বিনিয়োগের অর্থ দেশে আসার পর বা এফডিআই এনক্যাশমেন্টের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে একই পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দিতে হবে।
আবেদন মূল্যায়নের ক্ষেত্রে নির্ধারিত নম্বরের অন্তত ৭০ শতাংশ অর্জন করতে হবে। পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারী ও বিদেশি বিনিয়োগকারী কিংবা যৌথ বিনিয়োগ প্রতিষ্ঠানের মধ্যে কোনো ধরনের সম্পৃক্ততা থাকা চলবে না। এমনকি বিনিয়োগের আগের দুই বছরেও তাঁদের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক ছিল কি না, তা যাচাই করা হবে।
অনুমোদিত প্রণোদনার অর্থ একবারে দেওয়া হবে না। নীতিমালা অনুযায়ী, আবেদন অনুমোদন এবং সংশ্লিষ্ট রেমিট্যান্স বা বিদেশি বিনিয়োগের অর্থ দেশে আসার বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোট প্রণোদনার ৫০ শতাংশ দেওয়া হবে। বাকি ৫০ শতাংশ দেওয়া হবে এক বছর পর।
দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের আগে বিনিয়োগের বাস্তব অগ্রগতি যাচাই করা হবে। এ ক্ষেত্রে কারখানা স্থাপন, যন্ত্রপাতি আমদানি কিংবা বাণিজ্যিক কার্যক্রম শুরুর অগ্রগতির পাশাপাশি বিনিয়োগের ইক্যুইটি বহাল আছে কি না, তা পরীক্ষা করা হবে।
বিনিয়োগের অর্থের উৎস ও বৈধতা যাচাইয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সহায়তা নেওয়া হবে। পাশাপাশি যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) এবং বাংলাদেশ ব্যাংকের তথ্যের সঙ্গে বিনিয়োগের হিসাব মিলিয়ে দেখা হবে।
নীতিমালায় স্পষ্ট করা হয়েছে, নগদ অর্থ কিংবা তৃতীয় পক্ষের মাধ্যমে আসা বিনিয়োগের বিপরীতে এ প্রণোদনা পাওয়া যাবে না। পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে তৃতীয় পক্ষের নিরীক্ষার ব্যবস্থাও থাকবে।
প্রণোদনা অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় পর্যালোচনা কমিটি গঠন করা হবে। এই কমিটি আবেদনগুলোর চূড়ান্ত অনুমোদন দেবে। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির নেতৃত্বে গঠিত কার্যনির্বাহী কমিটি আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করবে।
অনুমোদিত অর্থ দেওয়া হবে অর্থ বিভাগের ‘এফডিআই ইনসেনটিভ তহবিল’ থেকে। এ জন্য অনুমোদিত ব্যাংকের মাধ্যমে স্থানীয় মুদ্রায় প্রণোদনার অর্থ বিতরণ করা হবে। তবে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে প্রণোদনার অর্থ দেশের বাইরে পাঠানোর সুযোগও রাখা হয়েছে।
নীতিমালার বাস্তবায়ন ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতিবছর একটি ডাটাবোর্ড প্রকাশ করবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ। সেখানে কতটি আবেদন জমা পড়েছে, কী পরিমাণ প্রণোদনা বিতরণ করা হয়েছে এবং দেশে এফডিআই-সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরা হবে। পাশাপাশি জাতীয় পর্যালোচনা কমিটি প্রতিবছর নীতিমালার কার্যকারিতা পর্যালোচনা করবে।
তবে নীতিমালা কার্যকর হওয়ার আগে দেশে আসা ইক্যুইটি বিদেশি বিনিয়োগের বিপরীতে কোনো প্রণোদনা দেওয়া হবে না। আবেদনপত্র, লিড রেজিস্ট্রেশন ফরম্যাট এবং বিস্তারিত নির্দেশনা ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে দেশীয় উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি দেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরির লক্ষ্য নিয়েছে সরকার।