Friday, April 24, 2026

দুটি আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ, হাইকোর্টে শুনানির জন্য আবেদন গ্রহণ


ছবিঃ হাইকোর্ট (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ফলাফল নিয়ে আপত্তি জানিয়ে করা পৃথক দুটি নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী প্রার্থীরা হলেন কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঝালকাঠি-১ আসনে একই দলের প্রার্থী ফয়জুল হক। তারা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুযায়ী, কক্সবাজার-২ আসনে আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ জয়ী হন। ওই আসনে হামিদুর রহমান আযাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যদিকে ঝালকাঠি-1 আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নির্বাচিত হন, যেখানে ফয়জুল হক দ্বিতীয় অবস্থানে ছিলেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট আবেদন দুটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।

আইন অনুযায়ী, নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর কোনো প্রার্থী ফলাফলের বিরুদ্ধে আপত্তি জানাতে হাইকোর্টে আবেদন করতে পারেন। এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি পূর্বেই একক বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে একই বেঞ্চে একাধিক নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ওঠা অভিযোগগুলো এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির দিকে এগোচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন