Wednesday, September 30, 2026

দুবাই-ইসরায়েলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ সৌদি আরবে জরুরি অবতরণ


ছবিঃ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পর ফ্লাইদুবাই-এর একটি বিমানকে দেখা যাচ্ছে (সংগৃহীত । আল জাজিরা /আলি হায়দার/ইপিএ)

আন্তর্জাতিক ডেস্ক | PNN

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী উড়োজাহাজ জরুরি পরিস্থিতিতে সৌদি আরবে অবতরণ করেছে। উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি সংকেত পাঠায়। পরে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেটি।

ফ্লাইদুবাই জানিয়েছে, আকাশপথে যাওয়ার সময় উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সেটিকে তাবুক বিমানবন্দরে অবতরণ করানো হয়। উড়োজাহাজের সব যাত্রী নিরাপদে রয়েছেন এবং তাদের হিসাব নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছে তারা।

বুধবার উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি জরুরি সংকেত পাঠায়। ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। পরে মাত্র এক মিনিটের ব্যবধানে এর উচ্চতা ১৭ হাজার ফুটের নিচে নেমে আসে।

ইসরায়েলি সংবাদমাধ্যমে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, উড়োজাহাজটির দুই পাইলটের মধ্যে বিরোধ বা হাতাহাতির ঘটনা থেকে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

উড়োজাহাজটির গতিপথ পর্যবেক্ষণকারী তথ্য অনুযায়ী, এটি একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান। জরুরি অবতরণের পর তাবুক বিমানবন্দরে সৌদি নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা যায় বলে যাত্রীদের কয়েকজন ইসরায়েলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

যাত্রীদের ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজের সামনের দিক থেকে চিৎকারের শব্দ শোনা যায়। এরপর পাইলটদের মধ্যে হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়। অবতরণের আগে উড়োজাহাজটি হঠাৎ করে নিচের দিকে নেমে আসে বলেও জানান তারা।

ঘটনার পর ইসরায়েল সরকার সৌদি আরবে আটকে পড়া ইসরায়েলি নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ইসরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ঘটনার পর দেশটির সেনাপ্রধান আইয়াল জামির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন।

ফ্লাইদুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন এমিরেটস এয়ারলাইনের সহযোগী কম খরচের বিমান সংস্থা। ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর দেশটির পর্যটকদের কাছে দুবাই জনপ্রিয় গন্তব্য হয়ে ওঠে।

ফ্লাইদুবাইয়ের বহরে মূলত বোয়িং ৭৩৭ সিরিজের উড়োজাহাজ রয়েছে। সংস্থাটির বহরে প্রায় ১০০টি বিমান রয়েছে, যার মধ্যে ৬৯টি ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের।

বিমান চলাচলের ইতিহাসে পাইলটদের ব্যক্তিগত বিরোধের কারণে জরুরি অবতরণের ঘটনা বিরল হলেও একেবারে নজিরবিহীন নয়। ২০২২ সালে জেনেভা থেকে প্যারিসগামী একটি এয়ার ফ্রান্সের ফ্লাইটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। তবে সে সময় উড়োজাহাজটির গতিপথ পরিবর্তন করতে হয়নি এবং নির্ধারিত বিমানবন্দরেই সেটি অবতরণ করেছিল।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটটি যাত্রা শুরু করে। আন্তর্জাতিক যাত্রী পরিবহনের দিক থেকে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দর গত বছর রেকর্ড ৯ কোটি ৫২ লাখ যাত্রীকে সেবা দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন