Thursday, September 3, 2026

দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু


প্রতিকি ছবিঃ স্বাস্থ্য অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং এর উপসর্গে আরও ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি আটজনের ক্ষেত্রে হাম-সংশ্লিষ্ট উপসর্গ ছিল বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তি) জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই তথ্য নথিভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৯২ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ হাজার ৬১১ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন। ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত রোগীর মোট সংখ্যা ৭ হাজার ৪১৬ জনে পৌঁছেছে।

হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে সন্দেহভাজন হামে ৪০ হাজার ১৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৬ হাজার ৫৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

অন্যদিকে, নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে করে একই সময়ে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর সংখ্যা ও মৃত্যুহার বৃদ্ধি পরিস্থিতিকে উদ্বেগজনক পর্যায়ে নিয়ে গেছে। দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং নজরদারি বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন