Tuesday, April 14, 2026

দেড় বছর পর শাহাদাত হত্যা মামলার চার্জশিট প্রকাশ, অভিযুক্ত ৫ জন


প্রতীকী ছবিঃ আদালত (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামে চাঞ্চল্যকর শাহাদাত হোসেন হত্যা মামলায় দেড় বছর পর আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলায় এক কিশোরসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযুক্তরা হলেন—ফরহাদ আহমেদ চৌধুরী, আনিসুর রহমান, মেহেদী হাসান ও মো. মাজেদ। এছাড়া ১৬ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে পৃথকভাবে প্রতিবেদন দাখিল করা হয়েছে। গত ৮ এপ্রিল আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে।

মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) এসএম সফিউল আজম মুন্সী জানান, পূর্ববর্তী তদন্তের ভিত্তিতে তিনি চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করে আদালতে জমা দিয়েছেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ আগস্ট পাঁচলাইশের প্রবর্তক মোড় এলাকায় নালার পাশ থেকে শাহাদাত হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তার বাবা মো. হারুন একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে উঠে এসেছে, ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে আটকের পর একদল যুবক তাকে ঘিরে ধরে মারধর করে। ঘটনার সময় বাইরের মানুষকে বিভ্রান্ত করতে হামলাকারীরা গান গাওয়া ও বাঁশি বাজানোর মতো অস্বাভাবিক আচরণ করে। এ নৃশংস ঘটনার ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

ভাইরাল হওয়া ওই ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হয়। ভিডিও প্রকাশের চার দিনের মধ্যেই ফরহাদ ও আনিসুরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আটক এক কিশোর আদালতে দেওয়া জবানবন্দিতে জানায়, ১৫ থেকে ২০ জন মিলে শাহাদাতকে মারধর করে এবং সেও এতে অংশ নেয়।

তদন্তে সোহান ও আসিফ উল মেজবাহ নামে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও তাদের সুনির্দিষ্ট পরিচয় না পাওয়ায় চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ভবিষ্যতে তথ্য পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৩ আগস্ট দুপুরে শাহাদাত কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে শেষবার কথা হয় তার। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে উদ্ধার হওয়া মরদেহ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

তদন্ত কর্মকর্তা জানান, ভিডিও ফুটেজ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে, ছিনতাইকারী সন্দেহে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন