Friday, April 24, 2026

চট্টগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে অস্ত্রধারী দুজন শনাক্ত, গ্রেপ্তার নেই


ছবিঃ কিরিচ হাতে ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুক (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরের সরকারি সিটি কলেজ এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ধারালো অস্ত্র ও লাঠি হাতে থাকা দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে থাকা ব্যক্তি ওমরগণি এমইএস কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মির্জা ফারুক। অপরদিকে লাঠি হাতে থাকা ব্যক্তি নগরের রিয়াজউদ্দিন বাজার এলাকার তামাকুমণ্ডি লেন বণিক সমিতির প্রচার সম্পাদক মোহাম্মদ ছাদেক হোসাইন, যিনি জামায়াতপন্থী হিসেবে পরিচিত। এ ছাড়া সংঘর্ষে জড়িত উভয় পক্ষের আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে।

গত মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দুই দফায় সরকারি সিটি কলেজ এলাকায় দুই সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে একজনের পায়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক ক্ষতি হয়েছে, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় কয়েকজনকে প্রকাশ্যে অস্ত্র হাতে দেখা যায়। এ নিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম দাবি করেন, প্রতিপক্ষের হামলার মুখে তাদের কর্মীরা আত্মরক্ষামূলক অবস্থান নেয়। অন্যদিকে ছাত্রশিবিরের নেতারা এ ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা চলে আসছে। সাম্প্রতিক এ সংঘর্ষ সেই দ্বন্দ্বকে আরও উসকে দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন