- ১৩ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশজুড়ে ছেঁড়া, মলিন ও ত্রুটিপূর্ণ নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় জনসাধারণের ভোগান্তি কমাতে নতুন করে কড়াকড়ি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব নোট গ্রহণ ও বিনিময় করা সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, নগদ লেনদেন সহজ ও স্বাভাবিক রাখতে ব্যাংকের প্রতিটি শাখাকে নিয়ম অনুযায়ী ছেঁড়া বা ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। একই সঙ্গে গ্রাহকদের এসব নোটের বিপরীতে নতুন অথবা ব্যবহারযোগ্য নোট সরবরাহ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, পূর্বে এ বিষয়ে নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনও অযোগ্য নোটের প্রচলন বেশি। এতে সাধারণ মানুষ দৈনন্দিন লেনদেনে নানা সমস্যার মুখে পড়ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় ‘ক্লিন নোট পলিসি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।
বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট গ্রহণ ও বিনিময়ে গুরুত্ব দিতে বলা হয়েছে। প্রতিটি শাখায় নির্ধারিত কাউন্টারের মাধ্যমে এই সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা সহজে পুরনো বা ক্ষতিগ্রস্ত নোট বদলাতে পারেন।
এছাড়া নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো ব্যাংক শাখা যদি এ বিষয়ে অনীহা বা অবহেলা দেখায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।