Thursday, April 9, 2026

ছাতকে অটোরিকশা রাখা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক


প্রতীকী ছবিঃ সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৮ এপ্রিল) রাতের এ ঘটনায় পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জের ছাতক রোডে একটি গ্যারেজে অটোরিকশা রাখা নিয়ে দুই ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। তুচ্ছ এই বিরোধ দ্রুতই হাতাহাতিতে রূপ নেয় এবং পরে তা দুই গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সংঘর্ষে গড়ায়। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের শতাধিক মানুষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাতক থানা ও আশপাশের বিভিন্ন পুলিশ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সংঘর্ষ থামাতে অন্তত ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে রাত প্রায় ১২টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে গুরুতর আহত অন্তত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শকসহ (এসআই) অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংঘর্ষের প্রভাব পড়ে আশপাশের সড়ক যোগাযোগেও। সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক ও ছাতক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।

এদিকে সংঘর্ষের সময় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। কয়েকটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন