- ১৬ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে হৃদয়বিদারক এক ঘটনায় ছেলের মৃত্যুর মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মায়েরও মৃত্যু হয়েছে। পরে তাদের একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে, যা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-ছেলেকে দাফন করা হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে মারা যান ছেলে কালু শেখ (৫৫)। ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা ময়না বেগম (৯৪)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালু শেখ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এবং জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে তার মা ময়না বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং শয্যাশায়ী ছিলেন। ছেলের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েন এবং শোক সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান।
স্থানীয়দের মতে, মা-ছেলের এই পরপর মৃত্যু একটি মর্মস্পর্শী ঘটনা হিসেবে পুরো এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসাইন জানান, ময়না বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ছেলের মৃত্যুর পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং তিন ঘণ্টার মধ্যেই তিনি মারা যান।
পরিবারের সদস্যদের অনুরোধে মা ও ছেলেকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়, যা উপস্থিত সবার চোখে পানি এনে দেয়।