- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চাঁদপুর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার স্টেশন রোডে অবস্থিত একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতের দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আলী আশ্রাফ মার্কেটের মালিক নুরুন্নবী জানান, মার্কেটের মোট ১২টি দোকানের মধ্যে ছয়টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি দোকানে ক্ষতির পরিমাণ বেশি। ফার্নিচার, টাইলস অ্যান্ড স্যানিটারি, হার্ডওয়্যার এবং পাইপের দোকানগুলো আগুনে পুড়ে যায়। প্রাথমিক হিসেবে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে দ্রুত পল্লী বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী অধ্যক্ষ মো. আলমগীর কবির পাটোয়ারী বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক উপস্থিতির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত নয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পুরো মার্কেট আগুনের গ্রাস থেকে রক্ষা পেয়েছে। দুটি ইউনিট ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।