Tuesday, September 15, 2026

ব্যালন ডি’অর নিয়ে এমবাপ্পেকে চ্যালেঞ্জ ইয়ামালের, বললেন পুরস্কারটা আমারই প্রাপ্য


ফাইল ছবিঃ লামিনে ইয়ামাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

২০২৬ সালের ব্যালন ডি’অর নিয়ে লড়াইটা যে সহজ হতে যাচ্ছে না, তা যেন আরও স্পষ্ট করে দিলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আত্মবিশ্বাসী মন্তব্যের পর এবার সরাসরি নিজের দাবির কথা জানিয়ে দিলেন স্প্যানিশ এই তারকা।

সম্প্রতি ব্যালন ডি’অর নিয়ে নিজের অবস্থান তুলে ধরে এমবাপ্পে বলেছিলেন, গত মৌসুমে তার চেয়ে ভালো পারফর্ম করা কোনো খেলোয়াড় ছিলেন না। সেই বক্তব্যের পর ইয়ামালও জানিয়ে দিলেন, বিশ্বের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে তিনিও নিজেকে শক্ত দাবিদার মনে করেন।

মুভিস্টার প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯ বছর বয়সী ইয়ামাল বলেন, তার বিবেচনায় বর্তমানে বিশ্বের সেরা দুই ফুটবলার হলেন তিনি ও এমবাপ্পে। তবে গত মৌসুমে অর্জিত সাফল্য ও জেতা শিরোপার হিসাব করলে ব্যালন ডি’অর তার হাতেই ওঠা উচিত বলে মনে করেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার জার্সিতে দারুণ ধারাবাহিক ছিলেন ইয়ামাল। ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে বার্সেলোনা জিতেছে লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

জাতীয় দলের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তরুণ ফরোয়ার্ড। স্পেনের হয়ে ১২ ম্যাচে একটি গোল ও তিনটি অ্যাসিস্ট করার পাশাপাশি দলটির বিশ্বকাপ জয়ের অভিযানে অবদান রেখেছেন তিনি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি গোলসংখ্যার বিচারে এবারের ব্যালন ডি’অরের দৌড়ে আরেক বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল এবং ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি।

বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পথে কেইনের অবদান ছিল উল্লেখযোগ্য। পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও তার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এদিকে এবার ব্যালন ডি’অর অনুষ্ঠানের ভেন্যুতেও থাকছে পরিবর্তন। প্যারিসের পরিবর্তে আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান। ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজনে এই পরিবর্তন আনা হয়েছে।

২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়ে আসছিল ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের আয়োজন। এবার লন্ডনে বসতে যাচ্ছে সেই জমকালো অনুষ্ঠানের নতুন আসর।

এবারের ব্যালন ডি’অরের লড়াইয়ে তাই ইয়ামাল, এমবাপ্পে ও কেইনের পাশাপাশি অন্য প্রতিদ্বন্দ্বীরাও আলোচনায় থাকলেও, শেষ হাসি কে হাসবেন সেটিই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন