- ১৬ মার্চ, ২০২৬
PNN নিউজ ডেস্ক, বরিশাল
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইসা আক্তার (১০) স্থানীয় দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, একই এলাকার জালাল শিকদারের ছেলে সিফাত শিকদার (১৫) দীর্ঘদিন ধরে রাইসাকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার দুপুরের দিকে রাইসা একা পথে যাওয়ার সময় অভিযুক্ত সিফাত তার পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।
ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম উদ্দিন বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রাতেই রাইসার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এহতেসামুল হক বলেন, এখনো পরিবার থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।