Thursday, May 21, 2026

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে মিরপুর স্টেডিয়ামে বাড়ানো হলো নিরাপত্তা


ফাইল ছবিঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বর্তমানে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এ কারণে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্টেডিয়াম প্রাঙ্গণের সব প্রবেশপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং দায়িত্ব পালন করছেন আনসার সদস্য ও নিরাপত্তাকর্মীরা।

এ সময় গণমাধ্যমকর্মীদেরও নিরাপত্তা প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামে প্রবেশের সময় সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাচাই–বাছাই কার্যক্রম সহজ হয়।

নির্বাচনকে ঘিরে কাউন্সিলর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি বাড়ায় বিসিবি কার্যালয়ে এখন ব্যস্ততা বিরাজ করছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে ক্রিকেট বোর্ড।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন