Friday, July 3, 2026

বাউফলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য, নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান


ছবিঃ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সহায়তা নিয়ে এমপি মাসুদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পটুয়াখালী

পটুয়াখালীর বাউফলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি বসতঘরের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তা হিসেবে তিনি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি বসতঘরের মালিককে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি প্রত্যেক পরিবারকে দুই বান্ডল টিন এবং ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, ক্ষতির তুলনায় এই সহায়তা খুবই সামান্য হলেও এটি সান্ত্বনার অংশ হিসেবে প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

তিনি আরও বলেন, সহায়তার ক্ষেত্রে কোনো দল-মত বা ধর্ম বিবেচনা করা হয়নি। ক্ষতিগ্রস্ত সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকেই সহযোগিতা করা হয়েছে।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়া স্থানীয় ব্যবসায়ীরা এ সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে।

পরিদর্শন ও সহায়তা কার্যক্রমে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন