Saturday, February 21, 2026

বাংলাদেশে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কিছু বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা


ছবিঃ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সংস্থাটি জানিয়েছে, সপ্তাহের প্রথম দিকে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও সপ্তাহের শেষে এই চারটি বিভাগে আংশিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থানরত একটি লঘুচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। একই সঙ্গে উপমহাদেশীয় উচ্চচাপবলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দেশের দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জনগণকে সতর্ক করেছেন, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সময় বাহিরে বের হওয়া থেকে বিরত থাকতে এবং ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় আনার জন্য।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন