- ২১ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবার্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপের দ্বিতীয় সেরা ক্লাব প্রতিযোগিতার নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ দলটি।
বুধবার তুরস্কের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির কৌশলী পরিকল্পনার সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ফ্রাইবার্গ।
প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ভিলা। ৪১তম মিনিটে মর্গ্যান রজার্সের পাস থেকে দারুণ এক ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্স।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে অ্যাস্টন ভিলা। ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো শটে জালে বল জড়ান আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফ্রাইবার্গ। তবে ৫৮তম মিনিটে আবারও আঘাত হানে ভিলা। বুয়েন্দিয়ার নিচু ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে তৃতীয় গোল করেন মর্গ্যান রজার্স। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জার্মান ক্লাবটি।
এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম বড় কোনো শিরোপা জিতল অ্যাস্টন ভিলা। একই সঙ্গে ৪৪ বছর পর আবারও ইউরোপীয় ট্রফি ঘরে তুলল ক্লাবটি।
অন্যদিকে এই ট্রফির মাধ্যমে ইউরোপা লিগে নিজের আধিপত্য আরও শক্ত করলেন উনাই এমেরি। কোচ হিসেবে এটি তাঁর পঞ্চম ইউরোপা লিগ শিরোপা। এর আগে সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ভিয়ারিয়ালের হয়ে একবার এই প্রতিযোগিতা জিতেছিলেন তিনি।
নতুন এই অর্জনের মধ্য দিয়ে ইউরোপা লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন স্প্যানিশ এই ম্যানেজার।