Friday, April 3, 2026

২০টি অধ্যাদেশ এখনই অনুমোদন নয়, ৪টি বাতিলের সুপারিশ সংসদীয় কমিটির


ছবিঃ জাতীয় সংসদের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই করে তাদের সুপারিশ সংসদে উত্থাপন করেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

অন্তর্বর্তী সরকারের জারি করা একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের বিশেষ কমিটি নতুন সুপারিশ দিয়েছে। এর মধ্যে ২০টি অধ্যাদেশ বর্তমান অধিবেশনে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন কমিটির সভাপতি জয়নুল আবেদিন। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি হুবহু বিল আকারে সংসদে তোলার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধন করে পরে বিল হিসেবে উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ২০টি অধ্যাদেশ নিয়ে ভিন্ন অবস্থান নেওয়া হয়েছে। এর মধ্যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে না তুলে ভবিষ্যতে আরও যাচাই-বাছাই করে শক্তিশালী আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। বাকি চারটি অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের প্রস্তাব করা হয়েছে।

যে চারটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা ও সংশোধন সংক্রান্ত অধ্যাদেশ এবং জাতীয় সংসদ সচিবালয়ের অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান।

কমিটির মতে, এসব বিষয়ে আরও পর্যালোচনা প্রয়োজন অথবা বিদ্যমান ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক দিক থাকতে পারে। তবে এসব সুপারিশের বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্যরা ভিন্নমত পোষণ করেছেন।

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, গণভোট ও গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন এখনই অনুমোদন না দিয়ে ভবিষ্যতে নতুন করে আনার সুপারিশ করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো অধ্যাদেশ সংসদে উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা কার্যকারিতা হারায়। ফলে আলোচিত ২০টি অধ্যাদেশ নির্ধারিত সময় পার হলে বাতিল হয়ে যাবে।

অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক অধ্যাদেশসহ মোট ৯৮টি অধ্যাদেশ অপরিবর্তিতভাবে বিল আকারে পাসের সুপারিশ করা হয়েছে।

বিশেষ কমিটির এই প্রতিবেদন এখন সংসদের পরবর্তী সিদ্ধান্তের জন্য উপস্থাপিত হয়েছে। সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন