Tuesday, July 21, 2026

যুক্তরাষ্ট্রে লেবানন–ইসরায়েল আলোচনার পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতৃত্বের


ছবিঃ হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম সমর্থকদের উদ্দেশে টেলিভিশনে উপস্থিত হন (সংগৃহীত । আল জাজিরা । ক্রিস ম্যাকগ্রাথ/গেটি ইমেজেস)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এর শীর্ষ নেতা নাইম কাসেম যুক্তরাষ্ট্রে লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে প্রস্তাবিত আলোচনার পরিকল্পনাকে “অকার্যকর” বলে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি লেবানন সরকারের প্রতি আহ্বান জানান, যেন তারা এই বৈঠকে অংশ না নেয় এবং ইসরায়েলের বিরুদ্ধে “ঐতিহাসিক ও সাহসী অবস্থান” গ্রহণ করে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে প্রাথমিক আলোচনা হওয়ার কথা রয়েছে, যেখানে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পথ তৈরি করার বিষয়ে কথা হতে পারে।

নাইম কাসেম অভিযোগ করেন, এই ধরনের আলোচনা মূলত হিজবুল্লাহকে নিরস্ত্র করার একটি কৌশল। তাঁর ভাষায়, আলোচনার মূল লক্ষ্যই যদি অস্ত্র সমর্পণ হয়, তাহলে এমন বৈঠকে যাওয়া অর্থহীন।

তিনি বলেন, হিজবুল্লাহ কোনোভাবেই চাপের মুখে নতি স্বীকার করবে না এবং পরিস্থিতি সামরিক ময়দানেই নির্ধারিত হবে।

অন্যদিকে, ইসরায়েল সাম্প্রতিক সময়ে লেবাননে হামলা জোরদার করেছে। ২০২৪ সালের শেষ দিকে ঘোষিত যুদ্ধবিরতির পরও সীমান্ত এলাকায় প্রায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তারা।

ইসরায়েলি হামলা ও সংঘর্ষে লেবাননে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে উত্তেজনা আরও বাড়ছে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী এলাকায়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি এবং একইসঙ্গে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা হ্রাস করা।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রস্তাবিত আলোচনার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা সরকারকে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসাকে দেশদ্রোহী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন