Sunday, April 19, 2026

যুদ্ধবিরতির পর স্থায়ী শান্তির পথে লেবানন: প্রেসিডেন্ট আউন


ছবিঃ ২০২৬ সালের ১৭ই এপ্রিল রাজধানী বৈরুতের পূর্বে অবস্থিত বাবদা প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে টেলিভিশনে ভাষণ দিচ্ছেন লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন (সংগৃহীত । আল জাজিরা । এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ঘোষণা দিয়েছেন, তার দেশ আর কোনো পক্ষের যুদ্ধের মঞ্চ হিসেবে ব্যবহৃত হবে না। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর তিনি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, লেবানন আর “কারও খেলনার ঘুঁটি বা যুদ্ধক্ষেত্র” নয় এবং ভবিষ্যতেও হবে না। তার এই বক্তব্য আসে লেবানন ও ইসরাইল-এর মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণার একদিন পর। 

গত ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে হাজার হাজার মানুষ হতাহত হয়েছে এবং প্রায় ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই সংঘাতের সূচনা হয় যখন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালায়, যার জবাবে ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে।

প্রেসিডেন্ট আওন বলেন, দেশটি এখন যুদ্ধবিরতি থেকে স্থায়ী সমঝোতার দিকে এগোতে চায় যাতে জনগণের অধিকার, ভৌগোলিক অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব নিশ্চিত হয়। তিনি জোর দিয়ে বলেন, এই আলোচনা কোনো দুর্বলতার প্রকাশ নয় বরং দেশের স্বার্থ রক্ষার একটি কৌশল।

সংঘাত বন্ধে সহায়তার জন্য তিনি ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবসহ আরব দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে যুদ্ধবিরতি সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ইসরায়েলি বাহিনী এখনো দক্ষিণ লেবাননের কিছু এলাকায় অবস্থান করছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতির সময়েও সেনা প্রত্যাহার করা হবে না।

প্রেসিডেন্ট আওন স্পষ্ট করে বলেন, তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা, দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার নিশ্চিত করা, বন্দীদের মুক্তি এবং বাস্তুচ্যুত মানুষের নিরাপদে ঘরে ফেরার ব্যবস্থা করা।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন