Saturday, March 7, 2026

উত্তর কোরিয়ার কাছে বড় ব্যবধানে হার, কঠিন সমীকরণে বাংলাদেশ


ছবিঃ উত্তর কোরিয়ার কাছে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট। PNN 

চীনের বিপক্ষে আগের ম্যাচে লড়াইয়ের ইঙ্গিত দিলেও উত্তর কোরিয়ার বিপক্ষে সেই ধারার পুনরাবৃত্তি করতে পারেনি বাংলাদেশের নারী ফুটবল দল। সিডনিতে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী উত্তর কোরিয়ার আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে ৫–০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচে উত্তর কোরিয়ার হয়ে জোড়া গোল করেন কিম কিয়ং-ইয়ং। এছাড়া মিয়ং ইউ-ঝং, চায়ে উন-ইয়ং ও কিম হায়ে-ইয়ং একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। এই পরাজয়ের ফলে টুর্নামেন্টে বাংলাদেশের সামনে টিকে থাকার পথ আরও কঠিন হয়ে পড়েছে।

তবে বড় ব্যবধানের হার হলেও গোলরক্ষক মিলি আক্তারের পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ম্যাচজুড়ে বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়ে দেন তিনি। তার একাধিক গুরুত্বপূর্ণ সেভ না থাকলে ব্যবধান আরও বাড়তে পারত।

পরিসংখ্যানেও ছিল উত্তর কোরিয়ার একচেটিয়া আধিপত্য। পুরো ম্যাচে তারা ৩১টি শট নেয়, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল তারা—ম্যাচের প্রায় ৬৫ শতাংশ সময় বল ছিল উত্তর কোরিয়ার নিয়ন্ত্রণে, যেখানে বাংলাদেশের দখলে ছিল প্রায় ৩৫ শতাংশ।

মাঝমাঠ ও আক্রমণভাগে বাংলাদেশের খেলোয়াড়দের কার্যকর উপস্থিতি খুব একটা দেখা যায়নি। ঋতুপর্ণা ও মারিয়াদের নেতৃত্বে আক্রমণভাগ বারবার বলের নিয়ন্ত্রণ হারায়, ফলে প্রতিপক্ষের রক্ষণে তেমন কোনো চাপ তৈরি করা সম্ভব হয়নি।

টানা দুই ম্যাচে হারায় এখন গ্রুপ পর্বে কঠিন অবস্থানে বাংলাদেশ। আগামী ৯ মার্চ পার্থে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে দলটি। সেই ম্যাচে অন্তত একটি ভালো ফলের মাধ্যমে টুর্নামেন্টে নিজেদের অবস্থান কিছুটা ইতিবাচক করার আশা করছে বাংলাদেশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন