- ২১ এপ্রিল, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল প্রায় ৯টার দিকে উত্তর শীলখালী এলাকার পূর্ব পাড়ার পাহাড় থেকে মরদেহগুলো পাওয়া যায়।
নিহতরা হলেন আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) এবং নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাহাড়ে কাজ করতে গিয়ে কয়েকজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় তিনজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।
নিহত আমিনুল ইসলামের বাবা জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে ছেলের মরদেহ দেখতে পান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
খবর পেয়ে টেকনাফ এলাকার শামলাপুর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মৃত্যুর কারণ নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চালানো হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।