Thursday, May 14, 2026

টানা পঞ্চমবার লিগ জিতল পিএসজি, ইতিহাসে ১৪তম শিরোপা


ছবিঃ লুইস এনরিকে ম্যানেজার হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে প্যারিস সেন্ট-জার্মেইন টানা তিনটি লিগ শিরোপা জিতেছে। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফরাসি লিগ ওয়ানের শিরোপা আবারও নিজেদের করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী লেন্সকে হারিয়ে মৌসুম শেষ হওয়ার এক ম্যাচ আগেই চ্যাম্পিয়ন হয়েছে প্যারিসের ক্লাবটি।

স্টেড বোলার্ট-দেলেলিসে অনুষ্ঠিত ম্যাচে পিএসজির হয়ে গোল করেন খভিচা কাভারাতসখেলিয়া এবং বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে। এই জয়ে পয়েন্ট ব্যবধান এমন জায়গায় পৌঁছে যায়, যেখানে শেষ ম্যাচের ফল আর শিরোপা নির্ধারণে কোনো প্রভাব ফেলবে না।

এ নিয়ে ফরাসি লিগে ১৪তমবারের মতো চ্যাম্পিয়ন হলো পিএসজি, যা দেশটির ফুটবল ইতিহাসে সর্বোচ্চ। টানা পঞ্চমবারের মতো শিরোপা জয়ের কৃতিত্বও দেখাল দলটি। এর আগে সবচেয়ে বেশি ১০টি লিগ শিরোপা ছিল সেইন্ট-এতিয়েনের দখলে।

ম্যাচ শেষে পিএসজির কোচ লুইস এনরিকে বলেন, “গত তিন মৌসুমের মধ্যে এটি সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উপভোগ্য শিরোপা। লেন্স পুরো মৌসুমজুড়ে দারুণ লড়াই করেছে, তাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে আমাদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে।”

গত ১৪ মৌসুমের মধ্যে ১২ বারই লিগ শিরোপা জিতেছে পিএসজি। এবারও তারা ঘরোয়া ফুটবলে নিজেদের আধিপত্য ধরে রাখল।

আগামী রোববার শেষ লিগ ম্যাচে শহর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির মুখোমুখি হবে পিএসজি। এরপর ৩০ মে ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে তারা।

অন্যদিকে লেন্স আগামী ২২ মে কুপ দে ফ্রান্স ফাইনালে নিসের বিপক্ষে শিরোপার লড়াইয়ে অংশ নেবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন