Saturday, July 25, 2026

টানা বৃষ্টিতে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা, বাড়তি দামে নাজেহাল ক্রেতারা


ছবিঃ সবজি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

টানা ভারি বর্ষণ, কৃষিজমিতে ক্ষয়ক্ষতি এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্নের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচ, পেঁয়াজ, বিভিন্ন ধরনের সবজি, মাছ, মুরগি ও ডিমসহ প্রায় সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম একসঙ্গে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, রামপুরাসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম এখন কেজিপ্রতি ১০০ টাকার ওপরে। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়ে কোথাও ২৮০, আবার কোথাও ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা, গাজর ১৩০ টাকা, বরবটি ও করলা ১২০ টাকা, উচ্ছে ১৪০ টাকা, লম্বা বেগুন ১২০ টাকা এবং গোল বেগুন ১৬০ টাকা কেজি দরে। শসার দাম ১৪০ থেকে ১৬০ টাকা, কচুর লতি ১০০ টাকা, কাঁকরোল ১২০ টাকা এবং ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা ৮০ টাকা কেজি। এছাড়া একটি লাউ কিনতে গুনতে হচ্ছে প্রায় ১০০ টাকা, আর জালি বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

সবজির পাশাপাশি বেড়েছে পেঁয়াজের দামও। কয়েকদিন আগেও যে পেঁয়াজ ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল, এখন সেটি মানভেদে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ফার্মের মুরগির ডিমের ডজনও বেড়ে ১৪০ টাকায় পৌঁছেছে।

মুরগির বাজারেও মূল্যবৃদ্ধির প্রভাব স্পষ্ট। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ থেকে ২১০ টাকা এবং সোনালি মুরগি ৩৫০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও স্বস্তি নেই। মাঝারি আকারের রুই মাছের কেজি এখন ৪০০ থেকে ৪৫০ টাকা, যা কিছুদিন আগেও ৩৫০ থেকে ৩৮০ টাকার মধ্যে ছিল। তেলাপিয়া, পাঙাসসহ অধিকাংশ মাছের দামও বেড়েছে। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।

সাপ্তাহিক ছুটিতে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী হায়দার আলী বলেন, কয়েকদিন ধরেই সবজির দাম বাড়ছিল, তবে আজ বাজারে এসে আরও বড় ধাক্কা খেতে হয়েছে। তার ভাষায়, এখন ১০০ টাকার নিচে সবজি খুঁজে পাওয়া কঠিন। কাঁচা মরিচের দাম ৩০০ টাকার কাছাকাছি পৌঁছেছে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

রামপুরা বাজারের আরেক ক্রেতা মাসুদ রানা বলেন, সবজির দাম যদি এত বেশি হয়, তাহলে মাছ-মাংস কেনা তো আরও কঠিন হয়ে দাঁড়ায়। বাজারে এসে প্রতিদিনই নতুন দামের মুখোমুখি হতে হচ্ছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন উৎপাদন এলাকা থেকে ঢাকায় কৃষিপণ্য পরিবহনে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে পাবনা, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে পেঁয়াজবাহী যানবাহন নিয়মিত আসতে না পারায় সরবরাহ কমেছে, যার প্রভাব পড়েছে বাজারদরে।

কারওয়ান বাজারের এক বিক্রেতা নিশান আহমেদ বলেন, পাইকারি বাজার থেকেই বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সংকটের সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছেন।

বাজারসংশ্লিষ্টদের মতে, বৃষ্টির কারণে সরবরাহ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী কয়েকদিনেও নিত্যপণ্যের দামে স্বস্তি ফেরার সম্ভাবনা কম। এ অবস্থায় বাজার তদারকি জোরদার এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ক্রেতারা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন