- ২৫ জুলাই, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য না পাওয়ার পর জার্মান জাতীয় ফুটবল দলে বড় পরিবর্তন এসেছে। দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বরেণ্য জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ। জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের পর দেশের ফুটবলের নতুন দিশা দেখানোর দায়িত্ব এখন সাবেক লিভারপুল কোচের কাঁধে।
শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) আনুষ্ঠানিকভাবে ক্লপের নিয়োগের ঘোষণা দেয়। চুক্তি অনুযায়ী, তিনি ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন।
দায়িত্ব গ্রহণের অনুভূতি জানাতে গিয়ে ক্লপ বলেন, জাতীয় দল জার্মান জনগণকে যে বন্ধনে একত্রিত করে, সেটি অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয়। তাই এই দায়িত্ব তার কাছে অত্যন্ত সম্মানের এবং আবেগের।
দীর্ঘদিন ক্লাব ফুটবলে সাফল্যের পর জাতীয় দলের ডাগআউটে বসার সুযোগকে নতুন অধ্যায় হিসেবে দেখছেন তিনি। ক্লপ জানান, কিছুদিনের বিরতির পর তিনি নতুন উদ্যমে কাজ শুরু করতে প্রস্তুত।
২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর কোচিং থেকে সাময়িক বিরতিতে ছিলেন ক্লপ। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি রেড বুল ফুটবল গ্রুপের ‘হেড অব সকার’ হিসেবে দায়িত্ব নেন। পাশাপাশি সর্বশেষ বিশ্বকাপে টেলিভিশন বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।
তবে জাতীয় দলের দায়িত্ব নিয়েই কঠিন পরীক্ষার মুখে পড়ছেন এই অভিজ্ঞ কোচ। আগামী সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত মাত্র ১১ দিনের ব্যবধানে উয়েফা নেশন্স লিগে নেদারল্যান্ডস, গ্রিস ও সার্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ খেলবে জার্মানি। সেই ম্যাচগুলোই ক্লপের প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্লাব ফুটবলে ইয়ুর্গেন ক্লপের সাফল্য ঈর্ষণীয়। তার অধীনে লিভারপুল দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতে। এছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ একাধিক বড় ট্রফিও জিতেছে ইংলিশ ক্লাবটি।
অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ফুটবলে জার্মানির পারফরম্যান্স ছিল হতাশাজনক। টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর এবারের আসরে তারা শেষ ৩২-এ জায়গা করে নিলেও প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
এই ব্যর্থতার পরই প্রধান কোচের পদ ছাড়েন জুলিয়ান নাগেলসম্যান। তার তিন বছরের দায়িত্বকালে ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল জার্মানির উল্লেখযোগ্য সাফল্য। সেই আসরেও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
বিশ্লেষকদের মতে, জার্মান ফুটবলের হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে ক্লপের অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ফুটবল দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এখন দেখার বিষয়, ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্য পাওয়া এই কোচ আন্তর্জাতিক অঙ্গনেও জার্মানিকে আবার শিরোপার লড়াইয়ে ফিরিয়ে আনতে পারেন কি না।